**আন্তর্জাতিক ডেস্ক**
বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় এক বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। তাদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এমভি ওশেন উইনার নামের জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া বহন করা হচ্ছিল। ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গেছে, গত ২০ আগস্ট পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়। পরে ২২ আগস্ট জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা চায়।
এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাইফ র্যাফ্ট থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে। তবে জাহাজডুবির কারণ এবং নিখোঁজদের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
নিখোঁজ নাবিকদের সন্ধানে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।